Friday, February 13, 2015

প্রেম রয়ে যাবে (লেখক: শতদ্রু দাস)

যে প্রেম বসন্তে শুরু হয়ে শীতে শুকিয়ে যায় সেই প্রেমের কোনো পেডিগ্রী আছে নাকি?


প্রেম হবে ফের্মিনা ডাজার প্রতি ফ্লোরেন্তিনো আরিজার ভালবাসার মত। প্রেম আদি অকৃত্রিম রয়ে যাবে, চারপাশে বদলে যাবে সব কিছু।


যে রাস্তা গুলোয় হেঁটে হেঁটে প্রেম করতাম সেই রাস্তাগুলোই আর থাকবেনা, বাড়বে প্রস্থ, বসবে ফ্লাইওভার।


যে দোকানে চা খেতাম, রাজনৈতিক ক্ষমতার বদলাবদলিতে উঠে যাবে সেটাও, বসবে নতুন কেউ।


যে 'মনজিনিস'-এ খেতাম কেক বা প্যাটিস সেখানে হবে সি.সি.ডি।


যে সিনেমা হলে যেতাম সিনেমা দেখতে সেগুলো হয় মাল্টিপ্লেক্স নয়তো পোড়ো বাড়ি।


যেসব এস.টি.ডি. বুথ থেকে ঘন্টার পর ঘন্টা ফোন করেছি, মোবাইলের দাম কমে যাওয়ার ফলে প্রয়োজনীয়তা হারাবে আর বন্ধ হবে একে একে।


যে বাসে করে দেখা করতে যেতাম রোজ বিকেলে, সরকারের টিকিটের ভাড়া বাড়াতে না দেওয়ার একগুয়েমির কারণে উঠে যাবে তারা।


তারপর একে একে চলে যেতে থাকবেন সেই মানুষগুলো যারা আমাদের প্রেমের সাক্ষী ছিলেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। যারা থাকবেন তাদেরও স্মৃতি থেকে মুছে যাবো আমরা।


এরপরেও কিছু স্মৃতিচিহ্ন রয়ে যায়, যেমন বাড়ি ঘর। কিন্তু সময় ধীরে ধীরে বদলাবে তাকেও। পরিচিত মাঠগুলো তো অনেক আগেই গেছে, ফ্ল্যাট বাড়ি আর মল জায়গা করেছে সেখানে। পুরনো ফ্ল্যাটের জায়গায় নতুন নতুন ফ্ল্যাট। কিন্তু এক-দু'তলা বসত বাড়িগুলো একগুঁয়ে, অনেক দিন থাকে। তাও একসময় তারাও আর থাকবে না।


যে আন্ডার কনস্ট্রাকশন বাড়িটায় আমরা যেতাম নির্জনতা খুঁজতে সেই বাড়িটাও পুরনো হয়ে গিয়ে খসে পড়তে থাকবে পলেস্তারা।


আর সব শেষে মরে যেতে থাকবে সেই বিশাল কৃষ্ণচূড়া গাছটা। 


কিন্তু তবু প্রেম রয়ে যাবে। যখনই ইচ্ছে হবে, সমস্ত বদলে যাওয়ার ওপরেই ফিরিয়ে আনতে পারব আগের দিনগুলো। যে কল্পনাশক্তিতে আমি গোটা শহরকেই পিছিয়ে দিতে পারি অনেক অনেক বছর, সেই কল্পনাশক্তিতে আমি তাকেও ফেরাতে পারব না সে কি হয় নাকি ?




(Satadru Das - https://www.facebook.com/satadrudas2 posted this on his Facebook wall on February 13, 2015.)

No comments:

Post a Comment